নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : সোমবার ২৭শে অক্টোবর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোন্থা’-তে পরিণত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের পঞ্চম বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩৬০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,৩০০ কিলোমিটার, মোংলা থেকে ১,২৮০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,২৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও ঘণীভূত হয়ে মঙ্গলবার সন্ধ্যা বা রাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের আশপাশে সাগর খুবই উত্তাল রয়েছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত নামিয়ে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি প্রবল আকারে ভারতের ওডিশা ও তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে। পরে এটি দুর্বল হয়ে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে।
এর প্রভাবে বুধবার থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।