নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : সোমবার ২০শে অক্টোবর ২০২৫, ০৫:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যের নাম মো. রাসেল মিয়া (৩১)। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মো. রাসেল মিয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কনস্টেবল হিসেবে প্রধান কার্যালয়ে কর্মরত। তার বাসা যাত্রাবাড়ীর রইস নগর এলাকায়।
রাসেলকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী নুরুল ইসলাম জানান, ঘটনার সময় মোটরসাইকেলে রায়েরবাগ এলাকায় যাচ্ছিলেন রাসেল। পথে অজ্ঞাত ৩-৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে এবং ছুরি দিয়ে তার হাতে আঘাত করে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে আহত অবস্থায় তাকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, সিআইডির ওই সদস্যকে জরুরি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।