;

রাবিতে শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি

রাবিতে শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি

ছবি সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপ-উপাচার্যসহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা রোববার (২১ সেপ্টেম্বর) পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। শনিবার রাতে শিক্ষক-শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

শিক্ষকরা জানান, হেনস্তাকারী শিক্ষার্থীদের বহিষ্কার ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এবং ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় কর্মসূচি অব্যাহত থাকবে। অন্যদিকে শিক্ষার্থীরা পোষ্য কোটার পুনর্বহালের আদেশ বাতিল না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। ছাত্রশিবির বলছে, পোষ্য কোটা বাতিল একটি মীমাংসিত বিষয়, একে সামনে এনে রাকসু নির্বাচন বানচালের চেষ্টা চলছে।

শনিবার বিকেলে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা টায়ার পোড়ানো, উপাচার্যের বাসভবন ঘেরাও ও জুবেরী ভবনে অবরোধ কর্মসূচি পালন করে। এসময় উপউপাচার্যের গাড়ি আটকানো ও প্রশাসনের ঊর্ধ্বতনদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পুলিশ জানিয়েছে, ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।